কুষ্টিয়ার ত্রিমোহনী বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ২৫ বস্তা ভেজাল সার জব্দ করে তা ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ত্রিমোহনী বাজারের ‘রোহান ট্রেডার্স’-এ ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় দোকানে থাকা সারের নিম্নমান ও ভেজালের বিষয়টি নিশ্চিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম বলেন, "ভেজাল সার ব্যবহার করলে ফসলের ক্ষতির পাশাপাশি মাটির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কৃষকদের স্বার্থ রক্ষায় নকল ও ভেজাল সারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"