লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে কৃষি বিভাগ। এতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের একটি গোডাউনসহ তিনটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে একাধিক কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, ইউপি সদস্য এবং দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক শেখের পরিচালিত একটি গোডাউন এবং স্থানীয় তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়। এসময় দোকান ও গোডাউনে রাখা সারের নথিপত্র ও পরিমাণ যাচাই-বাছাই করে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করে প্রশাসন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, "অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে এক আওয়ামী লীগ নেতার গোডাউনসহ তিনটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"