ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জ্বালানি তেলের দাম হঠাৎ করে বিশ টাকা বৃদ্ধি করার প্রতিবাদ করেছেন। তিনি এ সিদ্ধান্তকে জনগণের ওপর আরোপিত অমানবিক ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলার গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, "জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব জনজীবনের সব ক্ষেত্রে পড়বে। পরিবহন খরচ বাড়বে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে। অভাব-অনটনের মধ্যে থাকা জনগণকে এভাবে কষ্টে ফেলা যাবে না।"
এ সময় তিনি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়েও কথা বলেন। তিনি জানান, চলমান দুর্নীতি ও দুঃশাসনই এই অস্থিরতার অন্যতম কারণ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ নাজেহাল হয়ে পড়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলে তিনি মনে করেন।
বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "বৈশ্বিক সংকট আছে সত্য। সরকারের কাজ হলো, সংকট মোকাবিলা করা। সরকার যদি সংকটকে সরাসরি জনগণের ওপরে চাপিয়ে দেয়, তাহলে সরকারের দরকার কি?"
নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আলহাজ ফারুক আহমাদ মুন্সী, মাও. হাবিবুর রহমান জিহাদী এবং নজরুল ইসলাম মাস্টার প্রমুখ।