ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের দেওয়ানহাটের সৈয়দ এসহাক (রহ.) অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় উপজেলা ও নগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের ধরন তুলে ধরেন। তিনি বলেন, "রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক মালিকানার সম্পর্ক। নাগরিকরা রাষ্ট্রের মালিক। সরকার নাগরিকের স্বার্থ নিশ্চিত করার জন্য এবং নাগরিকের প্রয়োজনীয় সব কিছু নিশ্চিত করার জন্য দায়বদ্ধ।" বিগত নির্বাচনের পরপরই বিএনপি ব্যস্ত ছিলেন নির্বাচনের বিষয়ে উল্লেখ করে তিনি যোগ করেন, "এখন নাগরিক প্রত্যাশা পূরণ করতে পারছে না।"
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গাজী আতাউর রহমান বলেন, "দ্রব্যমূল্য লাগাম ছাড়িয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজে জনগণ অতিষ্ঠ।" সরকারের মন্ত্রীদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি আরও বলেন, "কোনো একটা ক্ষেত্রেও সরকার সফলতা দেখাতে পারছে না।"
সম্মেলনে কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ জান্নাতুল ইসলাম, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা দেলোওয়ার হোসাইন সাকী উপস্থিত ছিলেন।