ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) মক্কা ও মদিনার নিরাপত্তাকে সকল রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে স্থাপনের আহ্বান জানিয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

হারামাইন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উদ্বেগজনক খবরে গভীর চিন্তিত প্রকাশ করে চরমোনাই পীর বলেন, "গতকাল মক্কা-মদিনায় যখন সতর্কতামূলক সাইরেন বেজেছে, এতে গোটা মুসলিম উম্মাহ থমকে গিয়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শত কোটি মুসলিমের প্রাণস্পন্দন। আমাদের চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা সব রাষ্ট্র-রাজনীতির ঊর্ধ্বের বিষয়। ফলে মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।"

ইসলামী আন্দোলনের আমির স্বস্তি প্রকাশ করেন যে, হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকির বার্তা পাওয়া যায়নি। তিনি এই অবস্থানে অটল থাকার আহ্বান জানান। একই সাথে সৌদি সরকারের প্রতিও তিনি অনুরোধ জানান, যেহেতু ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনারা পালন করছেন, তাই এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়া উচিত নয়, যাতে পবিত্র দুই শহরের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি হয়।

শুধুমাত্র নিরাপত্তাই নয়, বরং এই দুই শহর ও জাজিরাতুল আরবের মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব উল্লেখ করে চরমোনাই পীর বলেন, "হারামাইনের নিরাপত্তা প্রশ্নে আমরা; বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।"