সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র মক্কা নগরীর আকাশসীমায় হুতিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে, মক্কার দক্ষিণে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ড্রোন প্রতিহত করেছে।
তবে সত্যতা যাচাই করে দেখা গেছে, ভিডিওটি গত মঙ্গলবারের মক্কার ঘটনার নয়। বরং এটি এক বছর আগের সৌদি আরবের আরেক পবিত্র শহর মদিনার একটি ঘটনার দৃশ্য। অনুসন্ধানে জানা গেছে, এই ভিডিওটি অন্তত ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকেই অনলাইনে বিদ্যমান।
পুরানো ভিডিও হওয়া সত্ত্বেও এটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে শতাধিক পেজ ও প্রোফাইলে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি পেজে গতকাল রাত ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ছয় লাখের বেশি বার দেখা হয়েছে।
ভিডিওটির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, হুবহু একই ভিডিও ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ‘ইসলাম চ্যানেল’ নামের একটি ফেসবুক পেজেও ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর একই ভিডিও প্রকাশ করা হয়েছিল, যেখানে সৌদি আরবের মদিনা শহর এবং মসজিদে নববির কাছাকাছি আকাশে একটি বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরেই বিভিন্ন সংবাদমাধ্যম মদিনার ওই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মদিনায় একটি অননুমোদিত ড্রোন শনাক্ত করে সেটি ভূপাতিত করা হয়। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান এবং আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়তে দেখেন। তবে ড্রোনটি কোথা থেকে ছোড়া হয়েছিল বা এর সঙ্গে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল কি না, তা ওই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। ওই ঘটনায় মসজিদে নববি বা এর আশপাশে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। সে সময় স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে অনুমাননির্ভর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।
যাচাই করা তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকে মদিনার ঘটনা হিসেবে প্রচারিত ভিডিওটি বর্তমানে মক্কায় হুতিদের ড্রোন প্রতিহতের দাবি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি আরব গত মঙ্গলবার সন্ধ্যায় মক্কার আকাশসীমায় ঢোকার আগেই হুতিদের একটি ড্রোন ভূপাতিতের দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। অন্যদিকে, হুতিরা সৌদির এই দাবি নাকচ করে দিয়েছে।