সৌদি আরবের বিভিন্ন প্রান্তে আগামী পাঁচ দিন ধরে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব চলবে আগামী শনিবার পর্যন্ত। আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এই পূর্বাভাস প্রদান করেছে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, হাইল, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরান এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে এসব অঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও অনেক বেশি হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে আল-জাওফ, নর্দার্ন বর্ডারস ও তাবুক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাজান অঞ্চলের কথা উল্লেখ করে জানানো হয়েছে যে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার আল-রাইথ, হারুব, আল-দায়ের, আল-ঈদাবি, ফাইফা, আল-আরিদাহ ও আল-হারথ এলাকায় বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে, “ভারী বজ্রবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। এ সময় প্রবল বাতাসের সঙ্গে ধুলা ও বালুঝড়ও হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।”

বুধবার ও বৃহস্পতিবার জাজান শহর, ফারাসান, আল-দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল-মাসারিহা, সামতাহ ও আল-তুওয়াল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আসির অঞ্চলের অধিকাংশ এলাকায় টানা পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার, বুধবার ও শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে। আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী শনিবার সেখানে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।

মক্কা, জেদ্দা ও মদিনায় বৃষ্টির পূর্বাভাস

মক্কা অঞ্চলের পবিত্র মক্কা নগরীসহ আল-কামিল, আল-জুমুম, তায়েফ, মাইসান, আদহাম, আল-আরদিয়াত, খুলায়েস ও বাহরায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

জেদ্দা ও রাবিগে মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার ও শনিবারও সেখানে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

পাশাপাশি তুরবাহ, আল-খুরমাহ, রানিয়াহ, আল-মুওয়াইহ, আল-কুনফুদাহ ও আল-লাইথ এলাকায় পুরো পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মদিনা অঞ্চলের পবিত্র মদিনা নগরী, আল-হানাকিয়াহ, মাহদ আল-জাহাব ও ওয়াদি আল-ফারায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। এছাড়া শুক্রবার ও শনিবার আল-উলা, আল-আয়েস, বদর ও খাইবার এলাকায় বৃষ্টি হতে পারে।

রিয়াদ, কাসিম ও পূর্বাঞ্চলেও ভারী বৃষ্টি

হাইল, কাসিম ও রিয়াদ অঞ্চলের কয়েকটি এলাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এসব এলাকার কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ওয়াদি আদ-দাওয়াসির, আল-আফলাজ ও আস-সুলাইয়েলে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।

পূর্বাঞ্চলীয় প্রদেশে পুরো পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার সেখানে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া নাজরান শহর, হাবুনা, বদর আল-জানুব, থার, ইয়াদামাহ ও খাবাশ এলাকায় মঙ্গলবার ও বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আকস্মিক বন্যা ও ঝোড়ো বাতাসের সতর্কতা

জাতীয় আবহাওয়া কেন্দ্র পুনরায় সতর্ক করে বলেছে, “ভারী বজ্রবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। এ সময় প্রবল বাতাসের সঙ্গে ধুলা ও বালুঝড়ও হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।”

প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, পূর্বাভাস ও সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এসব প্রয়োজনীয় তথ্য জাতীয় আবহাওয়া কেন্দ্রের ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পাওয়া যাবে।

সংস্থাটি আরও জানিয়েছে, প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের কিছু অঞ্চলে আগামী সপ্তাহেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও বিস্তারিত পূর্বাভাস ও সতর্কবার্তা প্রদান করা হবে।