ইয়েমেনের ইরানপন্থী হুতি বাহিনীর বিরোধ এবং আঞ্চলিক অস্থিরতার কারণে সৌদি আরবে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এখন থেকে এই দেশকে 'সতর্কতা লেভেল ৩' হিসেবে ঘোষণা করেছে, যেখানে নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন এলাকায় মার্কিন স্বার্থের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। সতর্কতায় উল্লেখ করা হয়েছে, হামলার ঝুঁকি ক্রমেই বেড়ে যাচ্ছে।
এদিকে, ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে আগে থেকেই 'সতর্কতা লেভেল ৪' জারি রয়েছে, যা ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করে। ২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষ চলছে। ওই বছর হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর সৌদি আরবও এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চলমান ইরান-যুদ্ধের পরিপ্রেক্ষিতে সৌদি আরব ও হুতিদের মধ্যে আগের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। সৌদি আরবের দাবি, হুতিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছিল। এ কারণে গতকাল সৌদি সরকার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করে। তবে কয়েক মিনিটের মধ্যে তা তুলে নেওয়া হয়। ২০১৭ সালে হুতিরা মক্কায় হামলার চেষ্টা করার পর এবারই প্রথম মক্কায় এমন সতর্কতা জারি করা হলো। একই ধরনের সতর্কতা তাইফ এবং সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও জারি করা হয়েছিল।