জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আখ্যা দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, "সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। এমনিতেই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সংসারের ব্যয় মেটাতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম একলাফে লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন সংকট তৈরি করবে এবং দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দেবে।"
জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব শুধু মোটরযান চালকদের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার জানান, কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, শিল্পোৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যের খরচ বেড়ে যাওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয়সহ সব ধরনের পণ্যের দাম বাড়বে। ফলে এর চূড়ান্ত বোঝা বহন করতে হবে সাধারণ জনগণকেই।
তিনি সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, "সরকারের উচিত ছিল জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দায় সরাসরি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই জনকল্যাণমূলক নীতি হতে পারে না।"
দলের সেক্রেটারি জেনারেল আরও বলেন, "জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বিকল্প ব্যবস্থা গ্রহণ, ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ও অনিয়ম বন্ধ করতে হবে। শুধু মূল্য বাড়িয়ে সরকারি সংস্থার আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করলে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়বে।"
অবশেষে তিনি সরকারকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "জনগণের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পরিবর্তে বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। আমরা সরকারকে জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।"