১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে সরকার যেন কোনো ধরনের বাধা না দেয়, সেই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি লংমার্চকে ঘিরে হাজারো উসকানির মুখেও নেতা-কর্মীদের অত্যন্ত ধৈর্য ও সংযম বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা কারও উসকানিতে পা দেব না।’

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া রংপুরমুখী লংমার্চের প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যদিও লংমার্চের সময় আঘাত লাগতে পারে, কিন্তু কোনো প্রতিশোধ নেওয়ার চেয়ে এই লংমার্চ সফলভাবে সম্পন্ন করাই হবে সবচেয়ে বড় সাফল্য। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের পথে জনসভা ও পথসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

লংমার্চের সময়সূচি নিয়ে তিনি বলেন, কাল সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রথম সমাবেশ শুরু হবে, যা সকাল ৮টায় শেষ হবে। এরপর ঢাকার উত্তরদিক দিয়ে গাজীপুরের টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে পথসভা শেষে লংমার্চ রংপুরের দিকে যাত্রা শুরু করবে।

গতকাল বৃহস্পতিবার রাতে দল ও অঙ্গসংগঠনের সংশ্লিষ্ট শাখার নেতাদের সাথে একটি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। সভার তথ্য অনুযায়ী, লংমার্চে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা রয়েছে। রংপুর অভিমুখে লংমার্চে হাজারের বেশি গাড়ি যুক্ত হবে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাস্তার দুই ধারে লাখ লাখ লোক দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতাদের অভিবাদন জানাবেন। নারীরাও রাস্তার পাশে দাঁড়িয়ে এই বহরকে স্বাগত জানাবেন। চট্টগ্রাম অভিমুখে লংমার্চের চেয়ে উত্তরবঙ্গ অভিমুখে এই লংমার্চে বেশি সাড়া পাওয়ার আশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, দলের মিডিয়া সেলের সদস্য জাহিদুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।