সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ঢাকা ও খুলনা হয়ে কুষ্টিয়ার অভিমুখে এক বিশাল লংমার্চের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, ‘আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে এ লংমার্চ শুরু হবে। যাত্রাপথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পথসভায় বক্তব্য রাখবেন ১১ দলের শীর্ষ নেতারা।’
লংমার্চের কর্মসূচি সফল করতে জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করতে হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘একের পর এক তেল-গ্যাসসহ জ্বালানির মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর প্রভাব পড়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’
অন্যদিকে, রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধীদলের নেতাদের প্রতি আক্রোশ থেকে সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে।’
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর চালানো হামলার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি জানান, ১১ দলীয় ঐক্য এই অগণিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।