মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা আন্ডারপাস এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মালবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিরাজদিখান ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার আহ্বান জানান।