মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব কামারখোলা বাজারে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি মসজিদের একাংশ এবং একটি কাপড়ের দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কাঠ ও টিন দিয়ে নির্মিত মসজিদের একটি অংশ, ফ্যান ও মাইক সেট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শেখের টিনের তৈরি কাপড়ের দোকানটি পুড়ে গেছে। দোকানের ভেতরে থাকা ফ্রিজ, সেলাই মেশিন, বিভিন্ন ধরনের কাপড়, ফ্যান ও খাটসহ অন্যান্য মালামালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।