মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া গ্রামে এক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই গ্রামের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় বাসার একটি কক্ষে খেলতে গিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয় দুই বছরের শিশু আবদুল্লাহ। এতে সে কক্ষের ভেতরে আটকা পড়ে যায়।
শিশুটি একা একা খেলছিল বলে বিষয়টি প্রথমে লক্ষ্য করেননি তার মা-বাবা। অন্য কক্ষে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন তারা। কিছুক্ষণ পর শিশুর কান্না শুনে মা-বাবা দরজা খোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। স্থানীয়রাও তাদের সাহায্যে আসেন, কিন্তু দীর্ঘ চেষ্টা করেও দরজা খুলতে না পারায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে কক্ষের দরজা খোলা হয় এবং শিশু আবদুল্লাহকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটি ভয়ে কান্না করছিল।
উদ্ধারকৃত শিশু আবদুল্লাহ ওই গ্রামের এনায়েত মোল্লার ছেলে।