বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচফি নতুন করে নির্ধারণ করেছে। রোববার বিসিবি পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ওয়ার্কিং কমিটির প্রস্তাবের ভিত্তিতে পুরুষ ও নারী উভয় বিভাগের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণের জন্য ম্যাচফি সংশোধন করা হয়েছে।

নতুন নিয়মে পুরুষদের চার দিনের ক্রিকেটে প্রতি ম্যাচে একজন খেলোয়াড় ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন। একদিনের ম্যাচে ম্যাচফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে তা দাঁড়াবে ৮০ হাজার টাকা। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের প্রতিটি ম্যাচের জন্য ম্যাচফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।

নারীদের ঘরোয়া ক্রিকেটেও ম্যাচফি বৃদ্ধি করা হয়েছে। তিন দিনের ম্যাচে একজন খেলোয়াড় পাবেন ৪০ হাজার টাকা। একদিনের ম্যাচে ম্যাচফি ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সভায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতাও দ্বিগুণ করা হয়েছে। এতদিন পর্যন্ত দৈনিক ১০ হাজার টাকা ভাতা দেওয়া হতো, যা এখন বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

ঘরোয়া ক্রিকেটের আর্থিক কাঠামো পুনর্বিন্যাসের পাশাপাশি প্রতিযোগিতার কাঠামোতেও বড় পরিবর্তন আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।