বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামোতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে। রোববার বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় ছয়টি দল নিয়ে তিন সংস্করণের একটি সমন্বিত প্রতিযোগিতা চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই নতুন কাঠামোয় দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়া হবে দেশের প্রতিষ্ঠিত করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।

প্রস্তাবিত এই কাঠামোয় ছয়টি দল নিয়ে চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট, একদিনের লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য যে, তিন ধরনের প্রতিযোগিতাই পরিচালিত হবে একই কাঠামোর অধীনে।

দলগুলোর মালিকানা স্বত্ব প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনা করেছে বিসিবি। নতুন ব্যবস্থায় প্রথম প্রতিযোগিতা হিসেবে টি-টোয়েন্টি আয়োজনের কথা জানিয়েছে বোর্ড। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরেই ছয় দলের সেই টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে।

তবে পুরো কাঠামোটি এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। বিসিবি জানিয়েছে, ছয় দলের এই নতুন ঘরোয়া কাঠামো চালুর বিষয়ে বোর্ড নীতিগত সম্মতি দিয়েছে।