একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে রোববার (২০ সেপ্টেম্বর) এবং এটি চলবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত। এই ভর্তিকালে নীতিমালার বাইরে অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

বোর্ডের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষাবোর্ড অনুমোদিত ‘ফি’র চেয়ে বেশি কোনো টাকা আদায় করা যাবে না। সকল ধরনের ফি অবশ্যই যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে। নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড আরও জানায়, বেসরকারি কলেজগুলোতে ভর্তি ফিসহ মাসিক বেতন ও অন্যান্য যাবতীয় খরচের বিস্তারিত তালিকা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।

নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো অবস্থাতেই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা তার অভিভাবক ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে হস্তান্তর করতে পারবে না। একই সাথে অন্য কোনো অজুহাতে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট আটক রাখা যাবে না।

এমন কোনো অভিযোগ পাওয়া গেলে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে ভর্তি নীতিমালায় উল্লেখ করা হয়েছে।