২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীরা ২৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জারি করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত সময়সূচী জানানো হয়েছে।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, তৃতীয় ধাপে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের ফলাফল ৩০ অক্টোবর (শুক্রবার) রাত ৮টায় প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত কলেজ মনোনয়ন পাওয়া ছাত্র-ছাত্রীরা তাদের সিট নিশ্চয়ন করতে পারবেন।
এরপর পছন্দক্রম অনুযায়ী তৃতীয় ধাপে যারা নিশ্চয়ন সম্পন্ন করবে, তাদের চূড়ান্ত ফলাফল ১ নভেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। চূড়ান্ত ফল প্রকাশের পর আগামী ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে আরও একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, যেসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করার পর কলেজ সিলেকশন পায়নি, তৃতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে তাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। অর্থাৎ, এই ধরনের শিক্ষার্থীদের জন্য ২২০ টাকা অনলাইন আবেদন ফি জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে তাদের ভর্তি ওয়েবসাইটে লগ ইন করে সিলেকশন বা এডিট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।