একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে রোববার রাত ৮টায়। জানা গেছে, এই বছর সাড়ে ৯ লাখের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি আবেদন প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছে বুয়েট। যদিও আবেদনকারীর সঠিক সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে জানানো হয়নি, তবে বুয়েট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সাড়ে ৯ লাখের বেশি আবেদন জমা পড়েছে।

গত ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন শুরু হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পান। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফলাফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে। এছাড়া শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে।