২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের চূড়ান্ত ফলাফল আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আটটায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট অথবা আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন এবং মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শিক্ষার্থীরা কোন কলেজে চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পেলেন, সেই ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এক নোটিশে জানানো হয়েছে, "২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে নির্বাচন নিশ্চায়ন সমাপ্ত হয়েছে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাত আটটায় প্রকাশিত হবে।"

এর আগে ১৬ সেপ্টেম্বর কলেজে ভর্তি আবেদনের প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে জিপিএ-৫ পাওয়া সত্ত্বেও ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী এবার কোনো কলেজে ভর্তির মনোনয়ন পাননি।