যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) চতুর্থ স্থান অর্জন করেছে। প্রথমবারের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েই বাংলাদেশি দল হিসেবে পদক বিজয়ী হওয়ায় এটি ইউআইইউ-র জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।

চূড়ান্ত পর্বটি ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালা শহরের স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দলগুলো এই চার দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয়। নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা এবং পরিচালন সক্ষমতার মাধ্যমে ইউআইইউর ইউএআরটি শীর্ষস্থানে স্থান করে নেয়। এসইউএএস প্রতিযোগিতায় কোনো বাংলাদেশি দলের পদক বিজয় এটি প্রথম ঘটনা।

২০০৩ সাল থেকে নিয়মিত আয়োজিত হওয়া এসইউএএস প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। এবারের প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৭টি দল চূড়ান্ত পর্বের ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরবর্তী সময়ে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন লাভ করে এবং শেষ পর্যন্ত ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে।

প্রতিযোগিতার দিন প্রতিকূল আবহাওয়ার কারণে অংশগ্রহণকারী দলগুলো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জের ফলে ফ্লাইট পরিচালনাকারী দলগুলোর মধ্যে ২১টি দল ক্র্যাশের শিকার হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতেও ইউআইইউর ইউএআরটি তাৎক্ষণিকভাবে কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয় করে সফলভাবে মিশন সম্পন্ন করে চতুর্থ স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। এবারের প্রতিযোগিতায় ইউএআরটি সেফটি ইন্সপেকশন ও র‍্যাপিড রেসপন্সে পূর্ণ নম্বর অর্জন করে। পাশাপাশি অটোনমাসভাবে মিশন সম্পূর্ণ করার কৃতিত্ব অর্জন করে।