বাংলাদেশের বাজারে তাদের নতুন প্রজন্মের টিভি এবং হোম অডিও সিস্টেম উন্মোচন করেছে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড ‘সনি’। গত বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অত্যাধুনিক পণ্যগুলো প্রদর্শিত হয়।
অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার বিপণন প্রধান ইয়াপ ইয়াং। এই বিশেষ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি পণ্য বিপণন ব্যবস্থাপক মাশচাভালিত কেমনুজসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথি। সনি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের ঘরে বসেই যেন সিনেমা হলের মতো উন্নত মানের ছবি ও শব্দের অভিজ্ঞতা দেওয়া যায়, সেই লক্ষ্যেই ‘সিনেমা ইজ কামিং হোম’ ভাবনা থেকে এই পণ্যগুলো তৈরি করা হয়েছে।
নতুন পণ্যের তালিকায় সবচেয়ে আকর্ষণীয় হলো ‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির শীর্ষ মডেলের টিভি ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’। এই টিভিটি ৮৫ ও ১১৫ ইঞ্চি আকারে পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি দাবি করেছে যে, দেশের বাজারে এই বিশেষ প্রযুক্তি প্রথমবারের মতো আনা হয়েছে।
পাশাপাশি গুগল টিভি সিরিজের ‘ব্রাভিয়া ৩ মার্ক টু’ মডেলটি বাজারে আনা হয়েছে, যা ৪৩ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত মোট সাতটি ভিন্ন আকারে পাওয়া যাবে। এছাড়া প্রদর্শিত হয়েছে তিন স্পিকারের তারহীন হোম থিয়েটার-ব্যবস্থা ‘ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো’।
বাংলাদেশে সনির অনুমোদিত পরিবেশক সনি স্মার্ট এবং সনি র্যাংগসের সকল বিক্রয়কেন্দ্রে এই পণ্যগুলো পাওয়া যাবে। তবে এসব পণ্যের নির্ধারিত দাম এবং আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরুর তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।