জাপানের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান সনি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তারবিহীন হেডফোনের দুটি নতুন মডেল। ‘ডব্লিউএইচ-সিএইচ৫৩০’ এবং ‘ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন’ নামের এই দুটি মডেল আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিক্রয়কেন্দ্রে যৌথভাবে উন্মোচন করা হয়। সনি ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার কান্ট্রি হেড জশোয়া কোয়েক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে কথা বলার সময় জশোয়া কোয়েক বলেন, ‘বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের হেডফোন উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। সনি সিএইচ ৫৩০ মডেলের হেডফোনটি মূলত এন্ট্রি লেভেলের। হেডফোনটি তরুণদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও সব বয়সের মানুষই এটি ব্যবহার করতে পারবেন। শিক্ষার্থীদের জন্যও এটি বেশ উপযোগী। বিভিন্ন রঙের হেডফোনটি নারী ও পুরুষ উভয় ব্যবহারকারীর কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। পাশাপাশি এর দামও বেশ সাশ্রয়ী।’

কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেলের হেডফোনটি মূলত দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। অন-ইয়ার এই হেডফোনটি অত্যন্ত হালকা, যার ওজন মাত্র ১৫০ গ্রামের কাছাকাছি। একবার পূর্ণ চার্জ দিলে এটি টানা ৫৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা সম্ভব। ফোনকলের সময় শব্দের স্বচ্ছতা ও স্পষ্টতা নিশ্চিত করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়া ব্লুটুথ মাল্টিপয়েন্ট সুবিধার কারণে ব্যবহারকারী একই সময়ে দুটি ভিন্ন ডিভাইসের সঙ্গে এটি সংযুক্ত রাখতে পারবেন। ছয়টি ভিন্ন রঙে পাওয়া যাওয়া এই হেডফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৯৯৯ টাকা।

অন্যদিকে, উচ্চতর প্রযুক্তির ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলের হেডফোনটিতে সনির বিশেষ ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে আশপাশের অবাঞ্ছিত শব্দ স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে আনা যায়। নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু রেখেও একবার চার্জে সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত এটি ব্যবহার করা সম্ভব। দ্রুত চার্জিং সুবিধার কারণে মাত্র তিন মিনিট চার্জ দিলেই এক ঘণ্টা পর্যন্ত ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। পাঁচটি ভিন্ন রঙে বাজারে আসা এই প্রিমিয়াম হেডফোনটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা।

ক্রেতাদের সুবিধার জন্য গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব বিক্রয়কেন্দ্রে বিশেষ ছাড় এবং কিস্তিতে কেনার সুযোগ রাখা হয়েছে। ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেলটি কিনলে ৫০০ টাকা ছাড় অথবা ছয় মাসের কিস্তি সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে, ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলের ক্ষেত্রে ২ হাজার টাকা ছাড় অথবা ১২ মাসের কিস্তি সুবিধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, উভয় মডেলের হেডফোনের সাথেই থাকছে ১২ মাসের বিক্রয়োত্তর সেবা।