কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক এম এ উল্লাসকে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত এম এ উল্লাস কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি। তার দেওয়া অভিযোগ অনুযায়ী, কুন্ডুপাড়ায় একটি সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার হচ্ছে—এমন তথ্য পেয়ে তিনি সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। তথ্য সংগ্রহের সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল লোক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, পুলিশ হামলা ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের সংখ্যাগরিষ্ঠতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, "একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।"
এদিকে, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"