ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের মাটিডালী বিমান মোড়ে এই পথসভার আয়োজন করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এই লংমার্চ পরিচালনা করা হচ্ছে। এছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।