বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে, এই বিএনপিই করতে বাধ্য হবে। তারা পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১০টায় গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে এই পথসভার আয়োজন করা হয়।

জামায়াত আমির জানান, দলীয় কোনো দাবিতে না এসে জনগণের দাবি আদায়েই তারা এখানে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, "আমরা কোনো দলীয় দাবি নিয়ে এখানে আসিনি। আমরা এসেছি আপনাদের দাবি আদায়ের জন্য। আপনারা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলেন। কিন্তু, সরকার সেটি বাস্তবায়ন না করে অপমান করেছে। সেই অপমানের প্রতিশোধ নিতে আমরা এসেছি।"

লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতেই এই সমাবেশ। তিনি সতর্ক করে বলেন, "সরকারকে আমরা বলছি, আজ আমরা ৮ দফা দাবি নিয়ে নেমেছি। জনগণের প্রয়োজনে এই ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিনত হতে পারে।"

পথসভায় গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মওলানা মামনুন হক, এলডিপির সভাপতি কর্ণেল অলী আহমেদ, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।