বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের অংশ হিসেবে টাঙ্গাইলে এই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "আট দফা থেকে জনগণের প্রয়োজনে সকল দফা শেষ করে এক দফা ঘোষণা করা প্রয়োজন হতে পারে।"

তিনি আরও বলেন, "আজকের লং মার্চ আপনাদের দিকে, আগামীকালের লং মার্চ এখান থেকে ঢাকার দিকে। বর্তমান সরকার জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি।"

ডা. শফিকুর রহমান জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়েছে।

পথসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।