যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে একটি বিশাল মাংসের স্ন্যাকস তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছে কনাগ্রা ব্র্যান্ডস। সাধারণত কয়েক ইঞ্চি লম্বা হওয়া 'স্লিম জিম' নামক এই খাবারটি এবার ৪২৯ ফুট ৫ দশমিক ৪ ইঞ্চি লম্বা হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। এটি প্রায় একটি ফুটবল মাঠের সমান দৈর্ঘ্যের।

প্রতিষ্ঠানের বিশেষ 'ব্লেজ ক্রু' নামক দলটির সদস্যরা এই রেকর্ডধর্মী স্ন্যাকসটি তৈরি করেছে। তারা নিশ্চিত করতে চেয়েছেন যে, দৈর্ঘ্য অনেক বেশি হলেও এর স্বাদ এবং রান্নার মূল ফর্মুলা ছোট স্লিম জিমের মতোই থাকবে। এর জন্য দলটির সদস্যরা দিনরাত পরিশ্রম করেছেন।

স্ন্যাকসটি এতটাই বড় ছিল যে সাধারণ পাত্রে তা রাখা সম্ভব হয়নি। তাই প্রথমে একে একটি বিশাল তারের চাকায় পেঁচিয়ে রাখা হয় এবং পরে অনেকগুলো টেবিলের ওপর লম্বালম্বিভাবে সাজানো হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক উপস্থিত থেকে ফিতা দিয়ে এর দৈর্ঘ্য পরিমাপ করে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেন।

এই রেকর্ডটি আগের বিশ্ব রেকর্ডের চেয়ে প্রায় ১১৬ ফুট বেশি লম্বা। কনাগ্রা ব্র্যান্ডসের গবেষণা ও উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেস সোয়েলি বলেন, "রেকর্ড সৃষ্টিকারী স্লিম জিম মূলত তাঁদের দলের সৃজনশীলতা, অনন্য দক্ষতা ও কঠোর পরিশ্রমের প্রমাণ। তাঁরা তাঁদের কর্মীদের কাজের প্রতি এই ভালোবাসাকে মনে রাখার মতো করে উদ্‌যাপন করতে একটু ভিন্ন ও বৈচিত্র্যময় পথ বেছে নিতে চেয়েছিলেন।"

উন্মোচনের সময় স্ন্যাক্সটির বড় অংশ উপস্থিত কর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়।