ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি তাদের তথাকথিত ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও প্রকাশ করেছে। তবে ভিডিওটি সম্প্রতি ধারণ করা কি না, তা নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রকাশিত এই ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে দেখা গেছে। তাঁর পাশে উপস্থিত ছিলেন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি।

ভিডিওর দৃশ্যগুলোতে দেখা যায় কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ এবং শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার। এর মধ্যে ডাবল লঞ্চারসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির সরঞ্জামও প্রদর্শিত হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আইআরজিসি বিশ্ববাসীকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে, তাদের গোলাবারুদের কোনো ঘাটতি নেই এবং তাদের কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার মজুত রয়েছে। যুদ্ধ পুনরায় শুরু হলে তারা এই সামরিক সক্ষমতাগুলো কাজে লাগাবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি তাদের প্রচারণার (প্রোপাগান্ডা) একটি অংশ হতে পারে; তবে এর মাধ্যমে ইরান নিজেদের সামরিক শক্তি প্রদর্শন এবং প্রতিরোধ সক্ষমতা জাহির করার চেষ্টা করছে। এমন এক সময়ে এই ভিডিও সামনে আনা হলো যখন ইরানের ওপর নতুন করে মার্কিন হামলার আশঙ্কা প্রবল হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায় তেহরান। এছাড়া বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা এখনো বিরাজ করছে।

যুদ্ধ শুরুর প্রায় ৯ মাস অতিবাহিত হলেও তা বন্ধের কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও পাকিস্তান, কাতার ও তুরস্ক স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়েছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।