দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে পুনরুজ্জীবিত ও সক্রিয় করার লক্ষ্যে ভুটানের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতির সময় ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সাথে এই বিষয়ে আলোচনা করেন দেশটির মন্ত্রিপরিষদ সদস্যরা।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান। বৈঠকে তারা অঞ্চলের জনগণের যৌথ কল্যাণে সার্কের ভূমিকা তুলে ধরেন এবং এর পুনরুজ্জীবনের জন্য ভুটানের সমর্থন চেয়েছেন।
আলাপকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসারে ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নে বিশেষ করে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসাও করা হয়।
প্রায় এক ঘণ্টা ব্যাপী ভিভিআইপি লাউঞ্জে অবস্থানকালে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর জার্মানির উদ্দেশ্যে রওনা হন ভুটানের প্রধানমন্ত্রী।