কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্বর এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে গড়াই নদীতে নৌকাবাইচ দেখে বাড়ি ফেরার পথে তাদের ওপর কুকুরটি হামলা চালায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাবাইচ দেখে বিভিন্ন স্থান থেকে মানুষ বাড়ি ফিরছিলেন। এ সময় এনএস রোডের বক চত্বর এলাকায় একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের তাড়া করে। একপর্যায়ে কুকুরটি একাধিক ব্যক্তিকে কামড়ে আহত করে।
আহতদের মধ্যে সদর উপজেলার মোল্লাতেঘড়িয়ার রইস, খোর্দ আইলচারার আইনুদ্দিন, হরিপুরের চাঁদ আলী, আমলাপাড়ার শাহীন, মিলপাড়ার রহমান ও খোকসার সাব্বিরসহ আটজন রয়েছেন। আহতদের অনেকেই পরে নিজ উদ্যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
ভুক্তভোগী চাঁদ আলী বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করে। আমার হাতে পায়ে মারাত্মকভাবে জখম করেছে।”
স্থানীয়রা জানান, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উৎপাত থাকলেও একসঙ্গে একাধিক ব্যক্তিকে কামড়ে আহত করার ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর পথচারীদের চলাচলে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, কুকুরের কামড়ে আহত হয়ে কয়েকজন হাসপাতালে এসেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।