কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত এই কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, চারজন সহসভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দুজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং একজন সাংগঠনিক সম্পাদক অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মো. মাসুদুজ্জামান রুবেলকে। এছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান এবং মোস্তাফিজুর রহমান।
নতুন কমিটির সভাপতি খন্দকার তসলিম উদ্দিন নিশাত মুক্তকণ্ঠকে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হামলা-মামলা ও নানা নির্যাতন সহ্য করতে হয়েছে। দীর্ঘদিনের ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের বিষয়টি মূল্যায়ন করে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “দলের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করে কুষ্টিয়া জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
নতুন এই নেতৃত্ব প্রসঙ্গে জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার মুক্তকণ্ঠকে বলেন, “নতুন কমিটির সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানাই। আশা করি, নতুন নেতৃত্বের হাত ধরে কুষ্টিয়া জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন।”