ঢাকার ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে দশটার দিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকায় অবস্থিত হওয়ায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে আশুলিয়া থানা পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মো. খালিদ হোসেন। তিনি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গাজীপুর ফিরছিলেন খালিদ হোসেন। ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের পাড়াগ্রাম এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ড্রাম ট্রাকে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী রবিউল নামের এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, "দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকায় হওয়ায় আইনি সব প্রক্রিয়া আশুলিয়া থানা পুলিশ সম্পন্ন করেছে। নিহত পুলিশ সদস্যের বাড়ি ধামরাইয়ে হওয়ায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।"