পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের নেওয়া কূটনৈতিক ও আইনগত উদ্যোগের একটি বিস্তারিত হালনাগাদ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে। তবে কমিটির অন্তত দুই সদস্য ভারত থেকে তাঁর প্রত্যাবর্তনের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, ভারতের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে তাঁকে শর্তহীনভাবে ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং কোনো গাফিলতি করা হচ্ছে না বলেও তথ্য দেওয়া হয়।

কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, "বৈঠকে মন্ত্রণালয় মৌখিকভাবে সরকারের উদ্যোগের বিষয়ে জানিয়েছে। সরকার কী কী উদ্যোগ নিয়েছে, তা নিয়ে মন্ত্রণালয়কে একটি হালনাগাদ প্রতিবেদন আগামী বৈঠকে দিতে বলেছে সংসদীয় কমিটি।"

জাতীয় সংসদ সচিবালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে অগ্রগতি পর্যালোচনা করা হয়। কমিটি আগামী অক্টোবরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আশা প্রকাশ করে। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর জোর দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে; তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে গুরুত্বারোপ করেছেন।

বৈঠকে প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। কমিটি মনে করে, বিগত সময়ে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গুরুতর পদ্ধতিগত দুর্বলতা ছিল। যথাযথ যাচাই-বাছাই না করার ফলে সৃষ্ট দীর্ঘদিনের এসব সমস্যা বর্তমানে মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্রের যথাযথ সত্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ায় যাচাই করা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত ছিলেন।