ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে তিনি স্পষ্ট করেছেন যে, নয়াদিল্লি যদি ভবিষ্যতে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শর্ত প্রদান করে, তবে বাংলাদেশ সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে।

আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই মন্তব্য করেন।

উল্লেখ্য যে, গত ১২ নভেম্বর বিবিসি বাংলার একটি প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছিল। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি বিশেষ শর্তের আভাস দিয়েছেন। প্রথম শর্তটি ছিল— শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সামরিক বাহিনীর এয়ারক্র্যাফটে ভারতে এসেছিলেন, তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকেই পালন করতে হবে।

প্রতিবেদনের দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছিল, বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে যে, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়।

তবে বিবিসির ওই প্রতিবেদন প্রকাশের পর দিল্লিতে নিয়মিত ব্রিফিং চলাকালীন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিদেশে অবস্থান করছেন— এই প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “তিনি কীভাবে আসবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আমরা মনে করি, এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন। ভারত যদি রেসপন্স করে, তবে বাংলাদেশের মানুষের জন্য এবং সরকারের জন্য তা সহজ হয়।”

পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ইস্যুর চেয়ে দুই দেশের সম্পর্ক অনেক বেশি বিস্তৃত। তিনি মনে করিয়ে দেন যে, ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে এবং এই সম্পর্ক কেবল একটি নির্দিষ্ট বিষয়ের ওপর সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখন যে জ্বালাও পোড়াও করছে, সেটাও আওয়ামী লীগ করছে। এই সন্ত্রাসী দল তো আগেও যা করেছে, এখনো তা–ই করছে। এই সন্ত্রাসী দল যখন আরেকটি দেশে বসে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, বাংলাদেশের সরকার হিসেবে আমাদের সেটা অ্যাড্রেস করার প্রয়োজন আছে।”

বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এই বিষয়ে সংবাদপত্রে কিছু ভুল তথ্য প্রকাশিত হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ-ভারতের কনস্যুলার ডায়ালগ নিয়ে একটা ভুল তথ্য পত্রিকায় ছাপা হয়েছে। এটা সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। সুতরাং দুই দিক থেকে আমরা এবং ওনারা বলেছেন যে কিছুদিন পরে হলে ভালো হয়।”