জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনি সুযোগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরতে কোনো আইনি সুযোগ দেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ''শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন৷ আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷'' তিনি আরও ব্যাখ্যা করেন যে, প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাঁকে ফিরিয়ে আনা হবে, সেটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়ার অংশ হবে।

গতকাল শুক্রবার বিবিসি-তে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে একজন সাংবাদিক যখন আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চান, তখন আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, ''আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷ উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়৷''

আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আইনমন্ত্রী জানান, ১৯৭৩ সালের আইনের ৪৭ (৩) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।

এদিকে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না, সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ''এটা ওনারা বলতে পারবেন৷''

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়ে যাচ্ছে। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। এর মধ্যেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে, তিনি যেকোনো মূল্যে ডিসেম্বরেই দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন।

গত বৃহস্পতিবার বিবিসি বাংলা একটি প্রতিবেদনে দাবি করেছে যে, ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। তবে সেই প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর এয়ারক্র্যাফটে করে ভারতে এসেছিলেন, তাই তাঁকে ফিরিয়ে নিতে হলে বাংলাদেশ সেনাবাহিনীকেই সেই দায়িত্ব পালন করতে হবে, যা স্থলপথ বা আকাশপথ—যেকোনো মাধ্যমে হতে পারে। দ্বিতীয় শর্তটি হলো, শেখ হাসিনাকে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং জুলাই গণহত্যার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।

এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গতকাল সাংবাদিকদের প্রশ্নের কোনো সদুত্তর দেননি। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে নয়াদিল্লি চায় বাংলাদেশ সরকার একটি সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিক এবং তাঁকে আপিল করার সুযোগ দেওয়া হোক ও ২০২৪ সালের দমনপীড়নের জন্য নতুন করে বিচার করা হোক—এ বিষয়ে কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’