সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গজনিত কারণে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে শনাক্ত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গজনিত কারণে মৃত্যুবরণকারী দুই শিশুই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের শরীরে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৪৩ জনে।

একই সময়ে ১ হাজার ২৮২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে।