দেশে হামের প্রকোপ উদ্বেগজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এটি চলতি মাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। মৃত শিশুদের মধ্যে চারজন ঢাকা বিভাগে এবং চারজন সিলেট বিভাগে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৭ জন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনের। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন। এই সময়ে মোট আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার।

চলতি মাসে এর আগে গত শনি ও বৃহস্পতিবার ৭ জন মারা গিয়েছিল হামে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ৪২৪ জন এবং চট্টগ্রামে ২৭৮ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত ও উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০। এর মধ্যে উপসর্গে ৯৩০ জন এবং নিশ্চিত হামে ১০০ জন মারা গেছে।