২০২৬–২৭ শিক্ষাবর্ষে ঢাকার নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর ভর্তি ফরমসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র কলেজ প্রশাসনে জমা দিতে হবে। এই দিনে শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি পাসের নম্বরপত্রের প্রিন্ট কপি, স্কুল থেকে প্রাপ্ত প্রশংসাপত্রের ফটোকপি, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, জন্মনিবন্ধন সনদের ফটোকপি (বাংলা বা ইংরেজি), এবং সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
কাগজপত্র জমা দেওয়ার পরপরই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্মের কাপড়, ব্যাগ, খাতা-কলমসহ অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করবে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন নির্ধারিত সময় এবং বুথ বা কক্ষ নম্বর অনুযায়ী কলেজে উপস্থিত থাকেন।