রাজধানীর বাইরে অবৈধভাবে গড়ে ওঠা আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজউক। অনুমোদন ছাড়াই সাভারে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ নামে একটি আবাসন প্রকল্প পরিচালনা করায় তা উচ্ছেদ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এ অভিযানে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন অবৈধ প্রকল্পটির সাইট অফিস, প্রচারমূলক সাইনবোর্ড এবং বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে রাজউকের কোনো অনুমোদন না নিয়েই চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে প্লট বিক্রি করে আসছিল। ফলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার শিকার হচ্ছেন তারা। আজকের এই পদক্ষেপের বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান জানান, "অনুমোদনহীন ও বেআইনি এসব আবাসন প্রকল্পের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবেই আজকের এই পদক্ষেপ। এ প্রতিষ্ঠানটির কোনো ধরনের অনুমোদন বা নিবন্ধন নেই। রাজউকের আইন অমান্য করে প্লট বিক্রি ও বিজ্ঞাপন দেওয়া সম্পূর্ণ বেআইনি।"
তিনি সাধারণ মানুষকে সতর্ক করে আরও বলেন, "অননুমোদিত প্রকল্প থেকে প্লট কিনে কেউ যাতে প্রতারিত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। রাজউকের অনুমোদন ছাড়া কোনো প্রকার প্রকল্প পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"