প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন ভারতে আশ্রয় নেওয়া দণ্ডপ্রাপ্ত আসামিদের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা রোধে সতর্ক করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।
বৈঠকে গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হন। বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেওয়া হয়। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়েও আলোচনা হয়। তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনা উল্লেখ করে তারা একমত পোষণ করেন যে, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে।