বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সাক্ষাতকারে রাশিয়ান রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় আইজিপি পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানান। দুই দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত ডায়ালগ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাধারণ নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা কামনা করেন আইজিপি। এছাড়া সাইবার নিরাপত্তা এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও রাশিয়ান পক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি।

সাক্ষাতকারে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।