যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সময়কাল ছিল মাত্র দেড় বছর।

মৃত কূটনীতিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ হিসেবে অভিহিত করেছে।

২০২৫ সালের মার্চ মাসে আলেক্সান্ডার দারচিয়েভকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ বা বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি মস্কো।

কূটনৈতিক ক্যারিয়ারের কথা উল্লেখ করে জানা যায়, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার তীব্র বিরোধ ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গত বছর তাঁকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঠিক এর কিছু আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে দারচিয়েভ একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য যে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দারচিয়েভ এই পদক্ষেপকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ বলে উল্লেখ করেছিলেন।