বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেছেন। আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য, আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রেক্ষাপটে গভর্নর মোস্তাকুর রহমান বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কুইআর (QR) কোড ব্যবহারের সুযোগ সম্প্রসারণ এবং আন্তসীমান্ত ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গ্রহণে আগ্রহ প্রকাশ করেন তিনি।
অপরদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিদেশি বিনিয়োগ সহজীকরণের ওপর জোর দেন। বৈঠকে মো. মোস্তাকুর রহমান জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন। তিনি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধির জন্যও আহ্বান জানান।
এ সময় বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও সরোয়ার হোসেন, ভারতের ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং দ্বিতীয় সচিব (অর্থনীতি ও বাণিজ্য) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন।