দেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংক সিঙ্গাপুরের ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ব্যাংকের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রাইম ব্যাংক জানিয়েছে, দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রায় এই স্বীকৃতিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির (আইএমডিএ) পক্ষ থেকে উদ্ভাবিত ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক হলো ট্রেডট্রাস্ট। বিশ্বের বিভিন্ন দেশে ইলেকট্রনিক বাণিজ্য নথির নির্ভরযোগ্য ও আন্তপরিচালনাযোগ্য আদান-প্রদান নিশ্চিত করতে এই ফ্রেমওয়ার্ক কাজ করে। ট্রেডট্রাস্ট-রেডি হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক প্রমাণ করেছে যে, তারা ট্রেডট্রাস্ট-সক্ষম ইলেকট্রনিক বাণিজ্য নথি ব্যবহারের জন্য সক্ষম। এই অর্জন ব্যাংককে আরও নির্ভরযোগ্য ও আন্তপরিচালনাযোগ্য আন্তসীমান্ত ডিজিটাল বাণিজ্যে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এই স্বীকৃতি উপলক্ষে সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত প্রাইম টাওয়ারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী বলেন, ‘এই স্বীকৃতি প্রমাণ করে আমাদের বাণিজ্য অবকাঠামো বিশ্বমানের ডিজিটাল মানদণ্ডের। এ অর্জন স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কুরিয়ার বিলম্ব দূর করতে, খরচ কমাতে এবং আন্তসীমান্ত বাণিজ্যকে দ্রুততর করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ট্রেড বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন, ঋণপত্র বা এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম এবং এক্সপোর্ট প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম।