কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচে তার ৮ উইকেটের সুবাদে জয়ের খুব কাছাকাছি কেন্ট।

ক্যান্টারবারিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসে ১৫.৫ ওভারে ৪২ রান খরচ করে ৫ উইকেট নেন খালেদ। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এটি তার প্রথম পাঁচ উইকেটের কীর্তি। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য এটি তার দশম পাঁচ উইকেটের কীর্তি।

ল্যাঙ্কাশায়ারের শুরুটা ছিল বেশ ভালো। উদ্বোধনী জুটিতেই আসে ৮১ রান। সেখান থেকেই ম্যাচের গতিপথ বদলে দেন খালেদ। কিটন জেনিংসকে ৩০ রানে ফিরিয়ে ভাঙেন জুটি। এরপর অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফকে শূন্য রানে এলবিডব্লিউ করেন তিনি। পরে ম্যাটি হার্স্টকে ফিরিয়ে তৃতীয় উইকেট নেন খালেদ। ইনিংসের শেষ দিকে টানা দুই বলে মিচেল স্ট্যানলি ও অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। তার বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংস থামে ১৬১ রানে।

জবাবে কেন্ট প্রথম ইনিংসে করে ২১৪ রান। জ্যাক ক্রলি ৮৪ রান করে দলকে এনে দেন ৫৩ রানের লিড।

দ্বিতীয় ইনিংসেও খালেদের দাপট থামেনি। এবার তিন উইকেট নেন বাংলাদেশের এই পেসার। প্রথম ওভারেই জেনিংসকে ফিরিয়ে দেন তিনি। পরে তার শিকার হন আরাভ শেট্টিও। খালেদ, ম্যাট মিলনেস ও কিথ ডাজন তিনটি করে উইকেট নেওয়ায় ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯২ রানে।

দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচে কেন্টের অন্যতম প্রধান নায়ক এখন খালেদ। জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য পাওয়া কেন্ট দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে করেছে ৮৪ রান। জিততে তাদের প্রয়োজন আর মাত্র ৫৬ রান।

জাতীয় দলের দায়িত্বে হাসান মাহমুদ দেশে ফেরার পর কেন্টের পেস আক্রমণে বড় দায়িত্ব পড়েছিল খালেদের ওপর। সেই জায়গাটাই দারুণভাবে পূরণ করছেন তিনি। হাসানের বদলি হিসেবে খালেদের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন সতীর্থ মিলনেস।