ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ এক স্পেল উপহার দিলেন খালেদ আহমেদ। কেন্টের হয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের এই পেসার। তার বোলিং তোপে ল্যাঙ্কাশায়ার গুটিয়ে গেছে মাত্র ১৬১ রানে।
ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ডিভিশন টুর ম্যাচে ১৫.৫ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন খালেদ। কাউন্টি ক্রিকেটে এটিই তার প্রথম পাঁচ উইকেট শিকার।
একসময় বিনা উইকেটে ৮১ রান তুলেছিল ল্যাঙ্কাশায়ার। সেখান থেকে ধস নামাতে বড় ভূমিকা রাখেন খালেদ। তার শিকার কিটন জেনিংস, রকি ফ্লিনটফ, ম্যাটি হার্স্ট, মিচেল স্ট্যানলি ও জেমস অ্যান্ডারসন।
ল্যাঙ্কাশায়ারের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মাইকেল জোন্স। হার্স্ট করেন ৩৭, জেনিংস ৩০। তবে খালেদের একের পর এক আঘাতে শেষ আট উইকেট হারায় মাত্র ৮০ রানে। ৫৮.৫ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
Khaled Ahmed introduces himself to the Canterbury crowd in the best way 🖐️🐯 pic.twitter.com/UAEp8hWOnP — Kent Cricket (@KentCricket) September 15, 2026
Khaled Ahmed introduces himself to the Canterbury crowd in the best way 🖐️🐯 pic.twitter.com/UAEp8hWOnP
খালেদের সঙ্গে বল হাতে দারুণ ছিলেন ম্যাট মিলনেসও। ২৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ফলে হাসান মাহমুদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিরিয়ে নেওয়ার পরও কেন্টের পেস আক্রমণে ঘাটতি পড়তে দেননি খালেদ। হাসানকে শীতকালীন আন্তর্জাতিক সূচির আগে দেশে ফেরানো হয়েছে।
এর আগে ডার্বিশায়ারের বিপক্ষে কাউন্টি অভিষেকেই প্রভাব রেখেছিলেন খালেদ। এবার দ্বিতীয় ম্যাচেই তুলে নিলেন ফাইফার। মৌসুমের শেষ দিকে ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে থাকা কেন্টের জন্য এই স্পেলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।