ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন অধ্যায় গড়ছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ডার্বিশায়ারের বিপক্ষে আজকের ম্যাচে হাসানের জোড়া উইকেটের পর অভিষেক ম্যাচেই প্রথম উইকেট তুলে নেন খালেদ। বিদেশি খেলোয়াড় হিসেবে এই দুজনই কেন্টের হয়ে মাঠে নামেন।
কাউন্টি ক্রিকেটের ফেসবুক পেজে কেন্টের কভার ছবিতে পাশাপাশি দাঁড়ানো এই দুই পেসারের ছবিটি শুধু নতুন যোগদানের সংবাদই নয়, বরং বাংলাদেশি পেস বোলিংয়ের নতুন চেহারা তুলে ধরে। গত জুন থেকেই কাউন্টি ক্রিকেটে নাম লেখানোর পর হাসান ইতিমধ্যে কেন্টের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন।
অভিষেক ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। দলকে ১৪০ রানের জয় এনে দেয় সেই পারফরম্যান্স। দ্বিতীয় ম্যাচে হাসান নেন ৩ উইকেট। কাউন্টির অভিজ্ঞতা কাজে লাগিয়ে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিং করেন তিনি। প্রথম ইনিংসের ৬টিসহ দুই ইনিংসে নেন ৯ উইকেট, হন ম্যান অব দ্য ম্যাচও। অস্ট্রেলিয়া সফর থেকে ইংলিশ কাউন্টিতে ফিরেও ঔজ্জ্বল্য ধরে রাখেন। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে কেন্টকে জিতিয়েছেন উস্টারশায়ারের বিপক্ষে।
ডার্বিশায়ারের বিপক্ষে আজকের ম্যাচের আগে কাউন্টিতে তার উইকেট ছিল ১৯টি। ম্যাচের প্রথম ওভারেই হ্যারি কেইম ও ম্যাথু মন্টোগোমারিকে ফেরান তিনি। কেইম স্লিপে ক্যাচ দিলে মন্টোগোমারি হাসানের বলে এলবিডব্লিউ হন। একই ম্যাচে অভিষেক ম্যাচেই উইকেট পেয়েছেন খালেদ আহমেদ। ডার্বিশায়ারের ওপেনার মোহাম্মদ নাঈমকে চতুর্থ ওভারে এলবিডব্লু করে নিজের প্রথম কাউন্টি উইকেট তুলে নেন তিনি.