শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভুঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই সহিংস ঘটনায় লিটন নামে আরও একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের রহিম ঢালীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার ভুঁইয়া ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্দার ভুঁইয়ার ছেলে।
তদন্তে জানা গেছে, মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে ইতালি প্রবাসী জাহিদুল ঢালি ও আনোয়ার ভুঁইয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের প্রেক্ষিতে তাদের মধ্যে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বুধবার বিকেলে ওই জমি নিয়ে জাহিদুল ঢালি ও আনোয়ার ভুঁইয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ উঠেছে, একপর্যায়ে জাহিদুল ঢালি লাঠি দিয়ে আনোয়ার ভুঁইয়া ও লিটনের মাথায় আঘাত করেন, এতে তারা গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা আনোয়ার ভুঁইয়ার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিকে আনোয়ার ভুঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী জাহিদুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ মুক্তকণ্ঠকে বলেন, "কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে একজন নিহত হয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"