একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়। সারা দেশে মোট ৮ হাজার ১৮০টি কলেজ শিক্ষার্থী ভর্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। তবে এর মধ্যে ১১টি কলেজে কোনো শিক্ষার্থী আবেদন করেনি এবং ৩৭৮টি কলেজে আবেদন করা সত্ত্বেও কোনো শিক্ষার্থী মনোনয়ন পায়নি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সর্বোচ্চ আবেদনের তালিকায় রয়েছে ১০টি কলেজ। এর মধ্যে সরকারি আনন্দ মোহন কলেজে ৯৮১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩২৬৭৮ জন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ২৩৭৯টি আসনের বিপরীতে ৩২৬৪০ জন, ঢাকা সিটি কলেজে ৪২৮০টি আসনের বিপরীতে ৩১৯৫১ জন এবং সরকারি বাংলা কলেজে ১৪৫০টি আসনের বিপরীতে ৩০৭১৮ জন আবেদন করেছেন।
এছাড়া বিএফ শাহীন কলেজে ১৮২০টি আসনের বিপরীতে ২৭৪৬৬ জন, রাজশাহী গভমেন্ট সিটি কলেজে ১২০০টি আসনের বিপরীতে ২২২৭১ জন, রাজউক উত্তরা মডেল কলেজে ১৮২০টি আসনের বিপরীতে ২১১২৬ জন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ২৩০০টি আসনের বিপরীতে ২০৮৫৫ জন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ১৮৮০টি আসনের বিপরীতে ২০৬৫৬ জন এবং সরকারি তোলারাম কলেজে ১৯৫০টি আসনের বিপরীতে ২০১৮১ জন আবেদন করেছেন।
ফলাফল অনুযায়ী, প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজ সিলেকশন পেয়েছেন। তবে আবেদনকারীদের মধ্যে ১৪ হাজার ৪১৫ জন কোনো কলেজ পাননি। এর মধ্যে ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়া সত্ত্বেও কোনো কলেজে মনোনীত হননি।
শিক্ষার্থীরা অনলাইনে তাদের ফলাফল দেখতে পারবেন। এজন্য প্রথমে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd/ ভিজিট করে হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলেই নির্বাচিত কলেজের নাম জানা যাবে।